
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার নাম ঘোষণা করা হয়।
বিজয়ীর নাম ঘোষণার পরপরই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। পরে ২০২৫ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় দুজনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। একসঙ্গে মঞ্চে হাঁটার সময় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে সামিরা খান মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন। এতে কাঁধের অংশে ছিল পাখার মতো নকশা। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করবেন তিনি।
ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অর্জন।
এর আগে ২০২৫ সালে ৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন তিনি।
মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার দায়িত্ব পেলেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার অংশগ্রহণ ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে দেশের বিনোদন অঙ্গন ও সৌন্দর্যপ্রেমীদের মধ্যে।

