
চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ পেয়েছেন ২৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। এ আয়োজনে ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন দৈনিক রূপালী বাংলাদেশ-এর সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি অভিভূত। যেকোনো স্বীকৃতিই কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। এই অ্যাওয়ার্ড আমার জীবনের অন্যতম সেরা একটি অর্জন হয়ে থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
এবার চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক, স্মারক ও সনদ প্রদান করা হয়।
এর আগে রুহুল আমিন ভূঁইয়া টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) থেকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৩সহ বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার অর্জন করেন।
আয়োজনটির যৌথ উদ্যোক্তা ছিল বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
উল্লেখ্য, রুহুল আমিন ভূঁইয়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২-২৪ মেয়াদে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। বর্তমানে তিনি দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকায় কর্মরত রয়েছেন।

