
সিনথিয়া ফিল্মসের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটি পরিচালনা করছেন সুমন চৌধুরী ও পলাশ। বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের আড়ালে কীভাবে প্রতারণার ফাঁদ তৈরি হয়, তা-ই তুলে ধরা হবে সিনেমার গল্পে।
‘ফিল্টার’-এর গল্পে দেখা যাবে, কীভাবে ভুয়া পরিচয় ও অন্যের ছবি ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করা হয়। এরপর আবেগকে পুঁজি করে কীভাবে প্রতারণার জাল বিস্তার করা হয় এবং এর ফলে একজন মানুষের জীবনে কী ধরনের বিপর্যয় নেমে আসে, সেসব বিষয় গুরুত্ব পাবে চলচ্চিত্রটিতে।
চলচ্চিত্রটির গল্পের মূল ভাবনা দিয়েছেন জেসমিন আক্তার নদী। কাহিনি রচনা করেছেন রওশনারা রত্না এবং সংলাপ লিখেছেন খাজা তারিক। চিত্রগ্রহণে রয়েছেন মাসুদ পারভেজ সবুজ। মেকআপে শামীম, নৃত্য পরিচালনায় বিল্লাল হোসেন এবং শব্দগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন রুদ্র।
‘ফিল্টার’ চলচ্চিত্রে অভিনয় করছেন লোকমান, শুভ, জাফরিন সাজ, ওমর মালিক, চাঁদনী শেখ, রবিউল ইসলাম রবি, ডুবজল ইদ্রিস, আয়েশা মুক্তি, স্বপ্না ও প্রিন্সেস বিউটিসহ আরও অনেকে।
চলচ্চিত্রটির দৃশ্যধারণের জন্য বেছে নেওয়া হয়েছে নেত্রকোনার বিভিন্ন মনোরম প্রাকৃতিক লোকেশন। গল্পের আবহ ও চরিত্রগুলোর অনুভূতি ফুটিয়ে তুলতে লোকেশন নির্বাচনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্মাতাদের মতে, ‘ফিল্টার’ শুধু প্রেম-ভালোবাসার গল্প নয়; বরং এটি বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। প্রযুক্তির অপব্যবহার, অনলাইন প্রতারণা এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে অপরাধ সংঘটনের বিষয়গুলো চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
বিনোদনের পাশাপাশি দর্শকদের জন্য সচেতনতামূলক বার্তাও থাকছে সিনেমাটিতে। অনলাইনে অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সতর্ক থাকা, ব্যক্তিগত ছবি ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে ‘ফিল্টার’-এর গল্পে।

